নিজস্ব প্রতিবেদক
দেশের বেসরকারি এয়ারলাইন্স সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এ ঘটনার পর চট্টগ্রামগামী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম রওয়ানা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতাস্বরূপ পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। ফ্লাইটটিতে ৭০ জন যাত্রী ছিলেন। তাদের বিকল্প ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


