ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনের কার্যক্রম চলছে আজ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে অঞ্চলভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা উপস্থিত হয়ে বিভিন্ন বুথে কাগজপত্র জমা দিচ্ছেন৷

ইসির কর্মকর্তারা জানান, আজ আপিল গ্রহণ শেষ হওয়ার পর আগামীকাল শনিবার থেকে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকা মহানগরীর ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
পরবর্তী নিবন্ধট্রলারের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, ঢাকায় তীব্র গ্যাস সংকট