ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন।

এ সময় তিনি বলেন, ‘মামলার এক নম্বর আসামি ফজলুর রহমান হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে আহত থাকায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইবি থানায় ফজলুর রহমানসহ চারজনের নামে এজহার দায়ের করেন আসমার স্বামী ইমতিয়াজ সুলতান। পরে বিকেলে ৩০২ ও ১০৯ ধারায় ফজলুরকে প্রধান আসামি করে চারজনের নামে মামলা করা হয়।

মামলায় অন্য আসামিরা হলেন- বিভাগটির সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান।

এদিকে গত বুধবার (৪ মার্চ) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রাত সাড়ে ১১টায় তার অবস্থার কিছুটা উন্নতি হলে পুলিশ তার থেকে দুই পাতায় লিখিত স্টেটমেন্ট নেয়। লিখিত স্টেটমেন্টে ফজলুর রহমান হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন। পরে মামলা হওয়া পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে তিনি আহত থাকায় চিকিৎসাধীন অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
পরবর্তী নিবন্ধসংসদ অধিবেশন সামনে রেখে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা