আমি চাইলে প্রতিশোধ নিতে পারি কিন্তু এতে বেনিফিট কী হবে: প্রধানমন্ত্রী

এক-এগারো এবং বিগত সরকারের আমলের পারিবারিক নির্যাতনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ওয়ান ইলেভেনের পরে এবং তারপরেও বিভিন্ন সময় আমি ও আমার পরিবারের সঙ্গে কতগুলো ঘটনা ঘটেছিল। এখন এ মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারি।

তিনি বলেন, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কী হবে বলতে পারেন? কারো কোনো বেনিফিট হবে না। এই বিষয়টা থেকে আমাদের বেরুতে হবে। দেশ আমাদের সবার। আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।

রোববার (২১ জুন) রাতে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশেষ করে ওয়ান ইলেভেনের পরে এবং তারপরেও বিভিন্ন সময় কতগুলো ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন।

গত দেড় দশকের শাসনব্যবস্থার ধ্বংসাত্মক রূপের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেখুন, একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে আজকে, দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে হয়েছে, কিছু করার ছিল না। আমরা চেষ্টা করেছি, বুকের রক্ত দিয়েছে মানুষ, দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কী করতে পারি, এটিতে আমরা থাকি।

প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এখন নিজেদের ব্যক্তিগত দাবি-দাওয়া নিয়ে পড়ে থাকার সময় নয়, বরং ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে কার কী কর্তব্য আছে তা ভাবার সময় এসেছে।

পূর্ববর্তী নিবন্ধকেপ ভার্দের আরেক রূপকথা, স্পেনের পর রুখে দিলো উরুগুয়েকেও