নিজস্ব প্রতিবেদক
বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এদিন বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন সংশোধনসহ ব্যবসাখাতে নানান সমস্যা নিয়ে ব্যবসায়ীরা আলোচনা করেন।
বৈঠকের পর সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
ব্রিফিংয়ে খসরু বলেন, অর্থনীতি রক্ষার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। এ বিষয় পর্যবেক্ষণের জন্য সরকারকে জাতিসংঘে চিঠি দেওয়ার পরামর্শ দেন তিন।
বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের (উত্তরণ) জন্য এখনো প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে যারা জড়িত তাদের প্রায় সবাই আজ এখানে উপস্থিত। দেশের অর্থনীতির চালিকাশক্তি যেসব বড় বড় ব্যবসায়ী, তাদের সবাই আজ এখানে আছেন। তাদের আসার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন এবং আরেকটা লেবার ইস্যু। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগে আগামী যে সম্ভাবনা আছে সেটাকে প্রটেক্ট করার জন্য, রক্ষার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, এ বিষয়ে আমরা ওনাদের বিস্তারিত কথা শুনেছি, ওনারা ওনাদের সুবিধা ও অসুবিধাগুলো বলেছেন। এখান থেকে যেটা প্রতীয়মান হয় যে, এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামীদিনে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না। কারণ দেশে বড় ধরনের একটা আপরাইজিংয়ের পর আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতি রক্ষার জন্য সবাই মিলে কাজ করছি, এটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল সেগুলো প্রশ্নবিদ্ধ।


