আইএলও কনভেনশন অনুসমর্থনে বাংলাদেশকে ইইউর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ইইউ বলেছে, এসব কনভেনশন অনুসমর্থন শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। নতুন শ্রম আইন সংশোধনের সঙ্গে এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের শ্রমাধিকার এজেন্ডার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।

ইইউ আরও জানায়, এসব পদক্ষেপ বাংলাদেশের দায়িত্বশীল ও নীতিবান অংশীদার হিসেবে ভাবমূর্তি আরও শক্তিশালী করবে, যা ইউরোপীয় ভোক্তা ও বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত মূল্যবান। এটি বাংলাদেশি পণ্যের ইইউ বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের পক্ষে আরও শক্তিশালী ভিত্তি তৈরি করবে, যেখানে ইউরোপ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য।

বিবৃতিতে বলা হয়, কনভেনশন বাস্তবায়নে ইইউ সহযোগিতা অব্যাহত রাখবে। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী নতুন সংসদ এ অগ্রগতি ধরে রাখবে এবং আরও এগিয়ে নেবে এমন প্রত্যাশাও জানিয়েছে সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাদেশের দাবিতে শিক্ষাভবন মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধআমদানির ঘোষণায় পেঁয়াজের দাম কমলো কেজিতে ৪০ টাকা