৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট তিন হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৪৫৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরমধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন ও পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জন মনোনয়ন পেয়েছেন।

কারিগরি বা পেশাদার ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) বড় একটি অংশ সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে ৬৮ জন (বিভিন্ন বিভাগে), মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনিত করা হয়েছে। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।

কমিশন জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। তবে এই মনোনয়ন প্রার্থীর চাকরি প্রাপ্তির নিশ্চয়তা বা অধিকার প্রদান করবে না। নিয়োগ সংক্রান্ত সব বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ এই মনোনয়ন কার্যকর করবে।

পূর্ববর্তী নিবন্ধবিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচনই বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ: এএফপি