২০২৫ সালে ভারত সীমান্তে ৩৯ হত্যাকাণ্ড, বিএসএফের গুলিতে ৩০

নিউজ ডেস্ক

বিদায়ী বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের গুলিতে ও হামলায় আরও অন্তত সাতজন বাংলাদেশি খুন হয়েছেন। সবমিলিয়ে গত বছর ভারত সীমান্তে ৩৯ হত্যাকাণ্ড ঘটেছে।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

প্রতিবেদনে জানানো হয়, ভারত সীমান্তে বিএসএফের গুলিসহ উল্লিখিত নানা ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে কমপক্ষে তিন হাজার ৪৯৩ জনকে বাংলাদেশে পুশইন ও ভারতীয় জলসীমার কাছে বঙ্গোপসাগর থেকে ১৪৩ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে দুজন আহত হয়েছেন। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক আনসার সদস্যসহ ১২ জন বাংলাদেশি আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। সীমান্তের নাফ নদী ও বঙ্গোপসাগরের জলসীমা থেকে ২১টি ট্রলারসহ কমপক্ষে ১৭৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে দেশে নানাবিধ সহিংসতার দিক বিবেচনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ‘ভালোবাসার প্রতিফলন’: মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধসুইস রিসোর্টে নববর্ষ উদযাপনকালে আগুন, নিহত ৪০