হাওরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি :

বাজারে বাদামের ভালো চাহিদা ও অধিক লাভের কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে দিন দিন বাড়ছে বাদাম চাষের প্রতি কৃষকদের আগ্রহ।

জেলার তাহিরপুরসহ সীমান্তবর্তী ও উঁচু এলাকার বিস্তীর্ণ জমিতে এখন সবুজ বাদাম গাছের সমারোহ দেখা যাচ্ছে। বাতাসে দুলছে বাদাম গাছের সবুজ পাতা, আর সেই সঙ্গে দুলছে কৃষকের নতুন স্বপ্ন। অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় বাদাম চাষ এখন জেলার অনেক কৃষকের কাছে সম্ভাবনাময় ফসল হিসেবে পরিচিতি পেয়েছে।

কৃষকদের মতে, অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা বেশি। তাই দিন দিন এ ফসলের আবাদ বাড়ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪১০ হেক্টর জমিতে বাদাম চাষ সম্পন্ন হয়েছে।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের এক কৃষক জানান, বাদাম চাষ করে লাভবান হওয়া যায়। এবার ফলন ভালো হবে বলে আশা করছি। তবে এখন বৃষ্টির খুব প্রয়োজন। বৃষ্টি না হওয়ায় চারা গাছের বৃদ্ধি কিছুটা ব্যাহত হচ্ছে, যা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা ভালো ফলন পেতে পারেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চল ও উঁচু জমিতে বাদাম চাষের সম্ভাবনা রয়েছে। কৃষকরা আগ্রহ দেখালে ভবিষ্যতে জেলাজুড়ে এ ফসলের আবাদ আরও বাড়ানো সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধইরান–ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই : বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধদিরাইয়ে পুলিশ সদস্যের প্রতিহিংসার শিকার গ্রামবাসী : মানববন্ধন