স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি চলছে। এতে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে হাইকোর্ট মোড় সংলগ্ন স্থানে আন্দোলনকারীদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি, পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মার্চ চলাকালে অংশগ্রহণকারীদের ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগানও দেন তারা।

এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমরা ডাকসুর সামনে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেবো।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়