সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক। সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও ছড়াচ্ছে, বাস্তবে তেমন কিছু না। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে ডিএমপি-জাইকার আয়োজনে রোড সেফটি সেমিনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ১৭ বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে পুলিশে বর্তমানে কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকেই এই সময়ে নিয়োগপ্রাপ্ত—যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সামনে একটি নির্বাচন আসছে, পুলিশ তার দায়দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সাজ্জাত আলী বলেন, আমাদের অনেক সদস্য জানেনই না, নির্বাচনে দায়িত্ব কীভাবে পালন করতে হয়। তাই আমরা সারাদেশে ট্রেনিং কার্যক্রম চালাচ্ছি—ডিএমপিতেও চলছে। আমি সবসময় আমার অফিসারদের বলছি, নির্বাচনী দায়িত্ব পালনে ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

এবারের নির্বাচন ঘিরে একটি ‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ পরিবেশের আশা করা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি (আওয়ামী লীগ) এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কমিশনার।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সঙ্গে বৈঠকে সিইসি
পরবর্তী নিবন্ধটস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ