স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ দৃঢ়তার পরিচয় দিচ্ছেন সাদমান ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে চাপে পড়ার শঙ্কা তৈরি হলেও সাদমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
তার ব্যাটে এসেছে দুর্দান্ত এক সেঞ্চুরি, যা বাংলাদেশকে বড় সংগ্রহ গড়ার পথে এগিয়ে নিচ্ছে।
ইনিংসের শুরুতে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।
ওপেনার তানজিদ হাসান ৭ রান করে ফিরে যান। এরপর মুমিনুল হক ২৮ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংসে চাপ বাড়ে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বড় ইনিংস খেলতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৯ রান।
তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর পরও ধৈর্য হারাননি সাদমান। এক প্রান্ত আগলে রেখে পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাটিং করেছেন তিনি। বাজে বল পেলে রান তুলেছেন, আবার ভালো বলগুলোও সামলেছেন যথেষ্ট সতর্কতার সঙ্গে। তার এই ব্যাটিংয়ে উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
প্রথম দিনের খেলায়ও সাদমান ছিলেন দলের ব্যাটিংয়ের মূল ভরসা। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার সময় তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে মাঠে নেমেই সেই আক্ষেপ ঘুচিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান এই ওপেনার। এটি তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে স্বস্তি ফিরেছিল বাংলাদেশের শিবিরে। তবে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর বেশিক্ষণ তাকে ক্রিজে টিকতে দেননি বিশপ। এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১০৫ রানেই বিদায় নিতে হয় ওপেনারকে।


