সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বিশ্বকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ ধরতে হবে। আমরা বিষণ্ন নয়, সুন্দর একটি বিশ্ব গড়তে চাই।

তিনি বলেন, স্বপ্ন না দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যেখানে প্রথমেই স্বপ্ন দেখতে শেখানো হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে।

বর্তমান বিশ্ব ব্যবস্থার সমালোচনা করে ড. ইউনূস বলেন, এই যে বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, এটি ধ্বংস হয়ে যাবে। আমরা নতুন সভ্যতার কথা বলি, সেটাই ভবিষ্যতের পথ।

দুদিনব্যাপী এই আয়োজনে থাকবে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন। বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি অংশ নিচ্ছেন এবারের অনুষ্ঠানে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-সিপিসি সমঝোতায় সম্পর্কের নতুন মাত্রায় উন্নীত করবে: মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধছাতকে কিট সংকটে করোনায় জনমনে উদ্বেগ