সচিবালয়ে ২ ঘণ্টার কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের ২ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে।

সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করব। বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। কর্মবিরতি শেষে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করবো।

কর্মবিরতি উপলক্ষে বেলা ১১টা থেকেই সচিবালয় ২ নম্বর ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মচারীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মচারীরা লাইব্রেরিতে আসছেন।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি
পরবর্তী নিবন্ধসাবেক সিইসি নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ