শাটডাউনে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে। সরকারি কার্যক্রম স্থবির বা শাটডাউনের জেরে প্লেন চলাচল নিয়ন্ত্রণকারী কর্মীদের (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) সংকট ও ফেডারেল নিরাপত্তা কর্মকর্তাদের বেতন বন্ধ থাকায় অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়ার ঘটনা ঘটছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১ হাজার ৭০০র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিরাপত্তা বজায় রাখার স্বার্থে যুক্তরাষ্ট্রের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চার শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে।

তবে এই সিদ্ধান্তেও যাত্রীদের দুর্ভোগ কমছে না। সময়মতো ফ্লাইট না ছাড়ায় বিমানবন্দরে আটকে পড়ছেন অনেকে। ওহাইওর কলম্বাসের মিশেল কাথবার্ট বলেন, ‘আমি চাই না আমাকে বিমানবন্দরের বেঞ্চে রাত কাটাতে হোক।’

এফএএ জানিয়েছে, শাটডাউন চলতে থাকলে আগামী সপ্তাহে ফ্লাইট কমানোর পরিমাণ ধাপে ধাপে বাড়িয়ে শুক্রবারের মধ্যে ১০ শতাংশে নেওয়া হবে। তবে শাটডাউন শেষ হলেও এই কাটছাঁট পুরোপুরি উঠবে না, কারণ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত আগেই নিতে হয়।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, যদি কংগ্রেসের অচলাবস্থা দ্রুত না কাটে, তাহলে ফ্লাইট কমানোর হার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি আরও সতর্ক করে বলেছেন, শাটডাউন শেষ হলেও কর্মীদের সবাই সঙ্গে সঙ্গে কাজে ফিরবেন না।

গত শুক্রবারই যুক্তরাষ্ট্রজুড়ে এয়ার ট্রাফিক ব্যবস্থাগুলো ৩২ বার কর্মী সংকটে পড়েছে বলে এফএএর অপারেশন প্ল্যানে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে : গভর্নর
পরবর্তী নিবন্ধশিক্ষকদের ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: উপদেষ্টা