লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রতিনিধি

এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এছাড়া রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানী তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে নিজ বাসভবন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওয়ানা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসও ঘুরে দেখবেন তিনি।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পূর্ববর্তী নিবন্ধইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প
পরবর্তী নিবন্ধ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন