রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক নিয়ে ঐতিহাসিক নির্বাচন হবে : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এর মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। এই ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন।

আজ (শনিবার) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এর মধ্য দিয়েই গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে।
তিনি আরও জানান, এই নির্বাচনের সাক্ষী হতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

এ সময় তিনি বলেন, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়স কমানো হয়েছে। তবে কম বয়সী পর্যবেক্ষকদের অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

বিশেষজ্ঞরা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সব অংশীজনের আস্থা অর্জন জরুরি। তারা প্রার্থী ও দলগুলোর অনলাইনে প্রচারণার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবও দেন।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাইপাইলে
পরবর্তী নিবন্ধগণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল