যুগপৎ জোটের ৭ সঙ্গীকে আসন ছেড়ে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিগত দিনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা দল ও জোটের আরও সাত নেতার জন্য সংসদীয় আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের মিত্রদের সম্মান জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনে নিজেদের কোনো প্রার্থী দেবে না দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগ দেবেন।

ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রার্থী হবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ আসনে এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এসব আসনে বিএনপি তাদের সমর্থন জানিয়ে নিজ দলের কোনো প্রার্থী মনোনয়ন দেবে না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করবেন। তিনি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির মিত্র হিসেবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল ও জোট যুক্ত ছিল। গত অক্টোবরে এসব দল ও জোট মোট ২২২টি আসনের দাবি তোলে।

এর মধ্যে এলডিপি ৪০টি, ১২ দলীয় জোট ২১টি, গণফোরাম ১৫টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, বিজেপি ৫টি, বাংলাদেশ লেবার পার্টি ৬টি এবং এনডিএম ১০টি আসন দাবি করে। তবে এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনে সমঝোতার ঘোষণা দিয়েছে।

এর আগে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নীলফামারী-১ আসনে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দেবে বিএনপি। এসব আসনেও দলীয় কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ
পরবর্তী নিবন্ধসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবে না