মালয়েশিয়ায় অভিযানে ৭৯ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় চলছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটির সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ প্রবাসীদের প্রবেশ ও বসবাসের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারি।

রোববার কসমো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ পরিসরের এ অভিযানে যুক্ত ছিল অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, শ্রম বিভাগ, জাতীয় মাদকবিরোধী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা।

অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করে ৮৪৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩৫ জন নারী। আটক ব্যক্তিদের নাগরিকত্বের তালিকায় রয়েছে, মিয়ানমারের ৬৪৭, নেপালের ১০২, বাংলাদেশের ৭৯, ইন্দোনেশিয়ার ১৫ ও ভারতের ১০ জন।

আটকদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের মধ্যে অনেকের পরিচয়পত্র নেই।। কারও বিরুদ্ধে পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি, সেলাঙ্গর পুলিশপ্রধান দাতুক শাজেলি কাহার এবং সেলাঙ্গর অভিবাসন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পরবর্তী নিবন্ধমেসির জোড়া অ্যাসিস্টে মিয়ামির সর্বোচ্চ শিরোপা