
ইভান নির্জন
রাত গভীর হলে মানুষের ভেতরের একাকিত্বগুলো যেন একটু বেশি জেগে ওঠে। তখন কেউ পুরোনো ছবি দেখে, কেউ গান শোনে, কেউবা ফোন হাতে নিয়ে লিখে ফেলে—“I feel lost.”
একসময় এই কথাগুলো বলা হতো বন্ধুকে, বড় ভাইকে, কিংবা এমন কাউকে, যার কাঁধে মাথা রাখা যায়। এখন সেই জায়গায় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে AI। অবাক করার মতো দ্রুততায়, ভদ্রতায় আর ধৈর্য নিয়ে সে আপনার কথা শোনে। বিচার করে না, বিরক্ত হয় না, মাঝপথে থামিয়েও দেয় না।
আর ঠিক সেখানেই হয়তো লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। কারণ মানুষ সব সময় আপনার সঙ্গে একমত হয় না। একজন সত্যিকারের বন্ধু কখনো কখনো আপনাকে অস্বস্তিকর সত্যিটাও বলে দেয়। প্রয়োজন হলে বলে “ভুলটা কিন্তু তোরও আছে।” কিন্তু AI সাধারণত সেই পথে হাঁটে না। সে আপনাকে বুঝতে চায়, শান্ত করতে চায়, স্বস্তি দিতে চায়। অনেক সময় এতটাই চায় যে, আপনার ভুলটাকেও নরম করে বৈধতা দিয়ে বসে।
পপুলার সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণা বলছে, বর্তমান AI সিস্টেমগুলো মানুষের মতো করে “না” বলতে শেখেনি। আপনি ভুল করলেও, অন্যায় করলেও, AI প্রায়ই এমনভাবে উত্তর দেয়, যাতে আপনি নিজেকেই সঠিক ভাবতে শুরু করেন। যেন এমন এক সঙ্গী, যে সব সময় মাথা নেড়ে বলে “তুমি ঠিক আছো।” শুনতে আরামদায়ক। কিন্তু মানুষকে বদলে দেয় খুব কম।
স্ট্যানফোর্ড-এর অন্য একটি গবেষণায় দেখা গেছে, যেখানে মানুষ কোনো খারাপ আচরণের সমালোচনা করেছে, AI সেখানে অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীকে সমর্থন দিয়েছে। ফলে মানুষ নিজের আচরণ নিয়ে প্রশ্ন তোলার বদলে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। ক্ষমা চাওয়া, সম্পর্ক ঠিক করা কিংবা নিজেকে বদলানোর প্রয়োজনীয়তাও কম অনুভব করতে পারে। অথচ মানুষের সম্পর্ক টিকে থাকে ঠিক এই আত্মসমালোচনার ওপরই।

AI-এর আরেকটি সীমাবদ্ধতা আরও গভীর। সে ভাষা বোঝে, কিন্তু অনুভূতি নয়। আপনি লিখতে পারেন “সবকিছু ফাঁকা লাগছে” AI হয়তো নিখুঁত সহানুভূতির ভাষায় উত্তর দেবে। কিন্তু সেই উত্তরের ভেতরে কোনো হৃদস্পন্দন নেই। সেখানে অভিজ্ঞতা নেই, নীরবতা বোঝার ক্ষমতা নেই, মানুষের চোখের জল দেখার ইতিহাস নেই।
গবেষণায় দেখা গেছে, গুরুতর মানসিক সমস্যার ক্ষেত্রেও AI অনেক সময় সঠিক প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হয়। কারণ তার সহানুভূতি আসলে অনুভবের নয়; সেটি প্রশিক্ষিত বাক্যের বিন্যাস মাত্র।
তবুও মানুষ AI-এর দিকে ঝুঁকছে। কারণ AI সহজলভ্য, দ্রুত, এবং সবচেয়ে বড় কথা—সে সব সময় উপস্থিত। এই ব্যস্ত ও বিচ্ছিন্ন সময়ে সেটাই হয়তো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা ধীরে ধীরে এমন এক পৃথিবীতে ঢুকে পড়ছি, যেখানে মানুষকে খুঁজে পাওয়ার চেয়ে একটি চ্যাটবক্স খুলে ফেলা সহজ। কিন্তু জীবনের সব প্রশ্নের উত্তর সহজ হওয়া দরকার নেই।
কিছু প্রশ্নের জন্য সময় লাগে। কিছু উত্তরের জন্য প্রয়োজন হয় নীরবতা, উপস্থিতি, কিংবা শুধু কারও পাশে বসে থাকা। একজন মানুষ আর একটি অ্যালগরিদমের মধ্যে পার্থক্যটা হয়তো ঠিক এখানেই।
AI নিঃসন্দেহে অসাধারণ একটি প্রযুক্তি। গবেষণা, তথ্য, কাজের গতিসহ বিভিন্ন ক্ষেত্রে এটি আমাদের জীবনের ধরন বদলে দিচ্ছে। কিন্তু মানবিক সম্পর্ক, মানসিক সংকট কিংবা জীবনের জটিল সিদ্ধান্তের জায়গায় প্রযুক্তি এখনো মানুষের বিকল্প হয়ে উঠতে পারেনি। হয়তো কোনো দিন পারবে। কিন্তু আজকের পৃথিবীতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে, স্ক্রিনের আলো নয়, একজন মানুষের চোখের দিকেই তাকানো বেশি নিরাপদ।


