ভূমধ্যসাগরে প্রাণ হারালো সুনামগঞ্জের ১০ জন

সুনামগঞ্জ প্রতিনিধি :

উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাবারপথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে তারা প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ্য হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫জন, দিরাই উপজেলার ৪ জন ও দোয়ারাবাজার উপজেলার ১জন রয়েছেন। নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশংকা রয়েছে। নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার বাউরি গ্রামের মোঃ সুহানূর, টিয়ারগাঁও গ্রামের শায়েখ আহমেদ, কবিরপুর গ্রামের মোঃ নাঈম, পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান, ইছগাও গ্রামের মো: আলি ও দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে নুরুজ্জামান সর্দার ময়না,  মৃত ইসলাম উদ্দীনের ছেলে সাহান এহিয়া, আব্দুল গণির ছেলে সাজিদুর রহমান, রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান, এছাড়া নিখোঁ’জ রয়েছেন, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. তারেক মিয়া এবং দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের ফয়েজুর রহমানের পুত্র অভ্র ফাহিম। এদের পরিচয় স্থানীয় সূত্রে পাওয়া গেছে।  নিহতদের স্বজনরা অভিযোগ করেন, দিরাই উপজেলার এক মানবপাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌকায় করে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় জড়িত মানবপাচার চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। দিরাইয়ের স্থানীয় সাংবাদিক উমেদ আলী জানান, তার ভাগ্নে নুরুজ্জামান সরদার ময়না এই ঘটনায় মারা গেছেন। গ্রীস পৌঁছে একই গ্রামের রোহান আহমেদ তাদেরকে জানিয়েছেন, তিনিও একইবোটে ছিলেন। তার চোখের সামনের এই চারজনসহ অন্যদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। দিরাই উপজেলা নির্বাহী সঞ্জিব সরকার বললেন,‘নিহতের পরিবারের কেউ যোগাযোগ করে নি। এজন্য নিশ্চিত হওয়া যায় নি। স্থানীয় সাংবাদিকসহ এলাকার কেউ কেউ এমন সংবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন, নিহত চারজন কুলঞ্জ ইউনিয়নের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, ভূমধ্যসাগরে মারা যাওয়া যে কয়জন বাংলাদেশী রয়েছেন, এরমধ্যে জগন্নাথপুর,  দিরাই ও দোয়ারাবাজারের প্রায় ১০এর অধিক লোক নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে অফিসিয়ালি এখনও এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইন ও আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানায় ইরানের হামলা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে আধুনিকতায় হারাচ্ছে কাকতাড়ুয়া