ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ওয়াশিংটনের দেওয়া নোটিশ পর্যালোচনা করছে ভারত সরকার।তবে ভারতের বিভিন্ন খাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দিল্লি। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ভারতের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত বিষয়ে ১৪টি অর্থনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) তদন্তের নোটিশ তারা পেয়েছে। ওই ১৪টি অর্থনীতির মধ্যে ভারতও রয়েছে। নোটিশটি পর্যালোচনা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত নিজের প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে, দেশটির বাজারে প্রবেশ করা কঠিন এবং শ্রমিকদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেই।

এসব কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই শুল্ক প্রস্তাব দেওয়া হয়েছে। গত মার্চে ইউএসটিআর ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে নিয়ে এ বিষয়ে তদন্ত শুরু করে। কয়েক মাস ধরে এসব অর্থনীতি অতিরিক্ত পণ্য উৎপাদনে সরকারি সহায়তা দিচ্ছে কি না, তা খতিয়ে দেখেছে সংস্থাটি।

অতিরিক্ত উৎপাদনের ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যায় এবং মার্কিন শিল্প ক্ষতিগ্রস্ত হয় বলে যুক্তরাষ্ট্রের দাবি।মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্পনীতি অনুসরণ করছে, যার মধ্যে উৎপাদন খাতে বিশেষ সুবিধা, মজুরি ও শ্রমিকের অধিকার দমনে ভূমিকা, আর্থিক সহায়তা এবং বাজারের স্বাভাবিক প্রতিযোগিতায় প্রভাব ফেলে এমন নানা পদক্ষেপ রয়েছে।

এসব নীতির কারণে বাণিজ্যের ভারসাম্য তাদের পক্ষে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত দুর্বল হচ্ছে বলে দাবি করেন তিনি।ভারতকে নিয়ে ইউএসটিআরের প্রতিবেদনের শিরোনাম ‘উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত ভারতের পদক্ষেপ, নীতি ও চর্চা’। এতে বলা হয়েছে, কিছু খাতে ভারত যুক্তরাষ্ট্র থেকে যত পণ্য আমদানি করে, তার চেয়ে বেশি রপ্তানি করে।ইউএসটিআরের দাবি, ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পণ্যের মতো খাতে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

এসব গুরুত্বপূর্ণ খাতে ভারতীয় উৎপাদনের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতাও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ভারত ছাড়াও চীনসহ আরও কয়েকটি দেশের পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব দেশের জন্য প্রস্তাবিত শুল্কের হার ২০ থেকে ৩৫ শতাংশ। তবে ওয়াশিংটনের সঙ্গে যেসব দেশের আগে থেকেই বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের হার কম হবে।

ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে আমদানি শুল্কসহ মোট হার ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির পণ্যে শুল্কের হার হবে ২০ শতাংশ।এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ব্যাপকভিত্তিক শুল্ক বাতিল করে দেন।

আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় ওই শুল্ক আরোপ করা হয়েছিল। আদালতের রায়ের পর ইউএসটিআর ৩০১ ধারায় দুটি তদন্ত শুরু করে। এর একটির আওতায় জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের রপ্তানিসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৬০টি অর্থনৈতিক অঞ্চলের তদন্ত চলছে, যা প্রায় ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করে।

অন্য তদন্তটি অতিরিক্ত উৎপাদনে উৎসাহ দেওয়ার অভিযোগে ১৬টি অর্থনীতিকে নিয়ে।সুপ্রিম কোর্টের রায়ের পর ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা নতুন করে শুরু করতে হয়েছে। ফেব্রুয়ারিতে দুই দেশ যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করেছিল, শুল্ক বাতিলের পর সেটি আবার আলোচনার টেবিলে ফিরে আসে। বর্তমানে দুই দেশ একটি অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগ আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত বলে দিল্লির অবস্থান।

দ্রুত ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ২৫ জানুয়ারি জনশুনানির আয়োজন করেছে ইউএসটিআর। এ বিষয়ে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। এসব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শুল্ক প্রস্তাবটি আলোচনার জন্য উন্মুক্ত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে