নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ছাড় দিতে জামায়াতে ইসলামী বিএনপির কাছে প্রস্তাব করেছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় জামায়াত এখন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
আগের নির্বাচনগুলো বিএনপি-জামায়াত একসঙ্গে নির্বাচন করলেও ত্রয়োদশ নির্বাচনে এমনটি হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। এখানে রয়েছে আসন নিয়ে নানা হিসেব নিকাশ।অনেকেই মনে করছেন, বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন পেতে চাইছে জামায়াত।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপুত হয়নি।
সম্প্রতি ঢাকার গুলশানে বসে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জামায়াত যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবল ভাবেই মানুষ নির্বাচন চাইছেন। সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চাইছেন।
ফেব্রুয়ারিতেই ভোট হবে এমনটি জোর দিয়ে বলেন মির্জা ফখরুল। ‘আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে। সংশয়ের কোনো জায়গা নেই। কোনও অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন, নির্বাচন চাইছেন। উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে।’
প্রশ্ন: জামায়াত যে বলছে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে। না হলে ভোট হতে দেবে না বলছে…
মির্জা ফখরুল: জামায়াত ভোটে আসবে। পিআর–টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন, সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের (এনসিপি) কিছু নেই।
শোনা যায়, এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল? এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, না। এনসিপি কখনো চায়নি। তবে জামায়াত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।


