ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে, বক্তব্য এক্সপাঞ্জ

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা সংবাদপত্রগুলোতে ইতোমধ্যে দেখেছি, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে, টাকা নেওয়া হচ্ছে—সংবাদত্রের উদ্ধৃতি দিয়ে সংসদে এমন অভিযোগ করেছেন মেহেরপুর-১ আসনে জামায়াতের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় অধিবেশনে সভাপত্বি করেন ডেপুটি স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামাল।
সরকারদলীয় সংসদ সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে ‘ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে’—এই বক্তব‌্য সংসদের রেকর্ড থেকে ‘এক্সপাঞ্জ’ করা হয়।

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি এক্সপাঞ্জ চাইলে ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল ধর্ষণের বিষয়টি এক্সপাঞ্জ করেন।
তবে বিষয়টি নিয়ে পরে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এক্সপাঞ্জ করার প্রতিবাদ জানান।

এরপর ধর্ষণের বিষয়টি নিয়ে বক্তব‌্য দেওয়া মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান ফ্লোর নিয়ে ধর্ষণের তথ্য তুলে ধরেন। তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার জানান, শুধু ‘ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে’ এই অংশটুকু এক্সপাঞ্জ হয়েছে।
বাজেটের ওপর সাধারণ আলোচনায় সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হিসাব করলে পরে ওয়ার্ড পিছু ৯০টা করে পরিবার পাবে। তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের অবস্থাটা কী হবে? এবং এইটা পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা সংবাদপত্রগুলোতে ইতোমধ্য দেখেছি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে। এটা প্রতিদিনের রিপোর্ট আছে।

এরপর বিষয়টি নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে, এটা দুঃখজনক ব্যাপার। সংসদে এভাবে কথা বলা উচিত না। সংসদে ভাষা জানতে হবে। সেভাবে বলতে হবে। তাহলে বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি। তিনি বক্তব্যটি এক্সপাঞ্জ চান।

এ সময় ডেপুটি স্পিকার এম মাহবুব উদ্দিন খোকনকে উদ্দেশ্য করে বলেন, সদস্য আপনি বলতে চাচ্ছেন যে, মেহেরপুর-১ আসনের সদস্য তার বাজেট বক্তব্যে বলেছেন—ফ্যামিলি কার্ডের প্রলোভন দিয়ে ধর্ষণ করা হয়েছে। এই বক্তব্যটা এক্সপাঞ্জ চাচ্ছেন। এইটাই তো আপনার বক্তব্য? হ্যাঁ, আমিও শুনেছি এরকম কথা বলেছেন। পয়েন্ট অব অর্ডারে আপনি দাঁড়িয়েছেন। এই স্টেটমেন্টটা এক্সপাঞ্জ করা হলো।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ চান। তিনি বলেন, এক্সপাঞ্জ হবে যদি অসত্য তথ্য দিয়ে থাকেন। অথবা অসংসদীয় শব্দ যদি ব্যবহার করে থাকেন, তাহলে এক্সপাঞ্জ হবে। আমার ধারণা উনি এ ধরনের কথা বলেননি। কাজেই ওনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক।

এরপর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যকে কথা বলার সুযোগ দেন ডেপুটি স্পিকার। মো. তাজউদ্দিন খান বলেন, আমার আলোচনার মধ্যে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে অনেক জায়গায়, আমি এটা ব্যবহার করেছিলাম। অবশ্য এই কথাটার ওপর মাননীয় সদস্য (এম মাহবুব উদ্দিন খোকন) আপত্তি করেছিলেন শুনেছি। আমার কাছে যে তথ্য ছিল, তা সময়ের অভাবে দিতে পারিনি। ২০২৬ সালের ১০ এপিল ফরিদপুরে সোনাগাজী থানাতে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগের একটি মামলা হয় নারী ও শিশু নির্যাতন আইনে। ওসি সাহেব এর প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে এটা প্রমাণ হয়েছে। ২৫/৪/২০২৬ রংপুর মিঠাপুর উপজেলার ভাঙ্গা ইউনিয়ন পরিষদের বিএনপির সহ-সম্পাদক এনামুল হক, তাকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে।

এরপর এম মাহবুব উদ্দিন খোকন দাঁড়িয়ে গেলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বসতে বলেন। ডেপুটি স্পিকার বলেন, আপনি যা বলতে চেয়েছিলেন একটু বসেন। আমি ওনাকে বলি। মাননীয় সদস্য ফ্যামিলি কার্ড যে প্রজেক্ট সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী বা এই সরকারের না সারা দেশের মানুষের বিষয়। এই প্রজেক্ট সম্পর্কে যেহেতু একটা অভিযোগ এনেছেন, আপনি নিজে পার্সোনালি এটা কোনো ক্লারিফিকেশন দিতে পারেননি। যে কারণে সদস্য হিসাবে আমি এটা বলেছি যে, ওনার বক্তব্যের প্রেক্ষিতে আপনি যে ধর্ষণের অভিযোগ, সেই লাইনটা এক্সপাঞ্জ করা হয়েছে। আমার মনে হয় যে এক্সপাঞ্জ হয়ে গেছে। আর উনি নিজে ক্লারিফিকেশন না করে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সে জন্য এক্সপাঞ্জ করা হয়েছে।

সন্ধ্যার নামাজের বিরতির পর আবার ‘ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে’ অংশটুকু এক্সপাঞ্জ নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমি যে বিষয়টি বলার জন্য দাঁড়িয়েছি। ওখানে যে ঘটনা ঘটছে, এটা তো পত্র-পত্রিকায় একেবারে আমভাবে আসছে। এটা গোপন কিছু না। এটার জন্য একটা দলের লোকদের বহিষ্কারও করা হয়েছে এবং আরেক জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে এক দলের লোককে। কাজেই এটার জন্য এক্সপাঞ্জ করার কিছু নাই। ঘটনা অসত্য না। আর দুই নম্বর কথা হলো, আপনি বলছেন যে, ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে। ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে উনি বলেন নাই বক্তব্যে। উনি ফ্যামিলি কার্ডকে ব্যবহার করে এ কাজটা করা হয়েছে, এটা বলছেন। এটা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে বোঝায় না। আমি এটা বলার জন্যই বলছি, আসলে এটা এক্সপাঞ্জ হওয়ার মতো কোনো বিষয় নয়।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, সদস্য উনি যখন স্টেটমেন্টটা দিলেন ওই পাশের একজন সদস্য আহ্বান অনুরোধ জানালেন যে, তথ্যভিত্তিক না, সেটার ভিত্তিতে এক্সপাঞ্জ করা হয়েছে। এখন যে কথাটা আপনি বললেন এবং উনিও পরবর্তীতে বললেন মামলা রেফারেন্স দিয়ে, এটা তো রেকর্ডে থেকেই গেল।

পূর্ববর্তী নিবন্ধসংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে, এগুলো দেখা দরকার: জয়নুল আবদিন
পরবর্তী নিবন্ধমিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী