নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা হাতপাখা নিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল, যে দলটি বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে। আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শুক্রবার (১৮ জুলাই) ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না, চায়ও না। এসব রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আমি নাম বলব না, আপনারাই বুঝে নেন।
তিনি বলেন, আজকে যারা রাজনীতিতে নতুন বাক্য বিশারদ হয়েছেন, তাদের উদ্দেশে নসিহত করছি। যারা বাংলাদেশে নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচন পিছিয়ে দিয়ে, নির্বাচনকে অনিশ্চিত করে বা নির্বাচন না করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে বিভিন্নভাবে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একত্র হয়েছিল, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্নরকম ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সঙ্গে নিয়ে, ফ্যাসিবাবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে।


