জেলা প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর কখনো ফিরে আসার সুযোগ হবে না। দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উসকানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি থানা, হাসপাতাল ও বসতবাড়িতে অগ্নিসংযোগের উসকানিও দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে জামি’আ হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতোমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এরপরও যারা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আইনানুগ পন্থায় এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে এনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদরাসাশিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
আনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, মধুপুর ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আব্দুল হামিদ, চাঁদপুর কুচুয়া উজানীর পীরসাহেব মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


