নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক নাবালিকা মেয়ের জন্মনিবন্ধনের তথ্য পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অভিযোগকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে পরিচয়পত্র জালিয়াতির বিস্তৃত চিত্র। স্থানীয়ভাবে উত্থাপিত এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহল বলছে, এমন অনিয়ম কেবল বিচ্ছিন্ন নয়; দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের কারসাজির ঘটনা ঘটছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার এক কিশোরীর প্রকৃত জন্মতারিখ পরিবর্তন করে তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বিবাহ দেয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে জন্মনিবন্ধনের তথ্য সংশোধন করা হয়; পরে সেই তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র তৈরি এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়। এ প্রক্রিয়ায় প্রভাব খাটানো ও আর্থিক লেনদেনের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগকারীরা দাবি করেন, মোঃ শাহজালাল ও মোছাঃ মোহসিনা খাতুন দম্পতির কিশোরী মেয়ের অনলাইনে জন্মনিবন্ধন নম্বর যাচাই করলে একাধিক অসঙ্গতি দেখা যায়। পূর্ববর্তী শিক্ষাসনদে উল্লিখিত জন্মতারিখের সঙ্গেও বর্তমান তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। তারা বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন,“বয়স পরিবর্তন বা ভুয়া তথ্য সংযোজন করে এনআইডি নেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। কিছু ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অসাধু চক্র সক্রিয় থাকতে পারে। তবে এখন ডাটাবেজ সমন্বয় ও ডিজিটাল যাচাইব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এনআইডি ডাটাবেজ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। এতে জালিয়াতি হলে নির্বাচন প্রক্রিয়া, নাগরিক সেবা ও নিরাপত্তাসহ সব ক্ষেত্রেই ঝুঁকি তৈরি হয়।
এ প্রসঙ্গে জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান বলেন, এই ধরনের প্রচুর অভিযোগ আমাদের কাছে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, নাবালিকার বিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে সাবালিকা বানানোর জন্য বয়স বাড়ানো হয়। আবার অনেক ক্ষেত্রে পাসপোর্ট করে প্রবাসে যাওয়ার জন্যেও জন্মতারিখ পরিবর্তনের চেষ্টা করা হয়। কিন্তু দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য এই ধরনের জালিয়াতি অবশ্যই বন্ধ হওয়া উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মনিবন্ধন ও এনআইডি তথ্যভান্ডারের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলে জালিয়াতির সুযোগ তৈরি হয়। অনেক সময় প্রথম ধাপে জন্মনিবন্ধনে তথ্য পরিবর্তন করে পরবর্তী ধাপে সেই সংশোধিত তথ্যের ভিত্তিতে এনআইডি সংগ্রহ করা হয়। ফলে প্রাথমিক পর্যায়ে কঠোর যাচাই না হলে অনিয়ম শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
আইন বিশ্লেষকদের মতে, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত জালিয়াতি দমন করতে হলে নিয়মিত অডিট, প্রযুক্তিনির্ভর বহুমাত্রিক যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অনিয়ম বন্ধ করা সম্ভব হবে না।
হাকিমপুরের ঘটনাটি এখন তদন্তের অপেক্ষায় থাকলেও, সংশ্লিষ্ট মহলের মতে এটি বৃহত্তর সমস্যার একটি উদাহরণ মাত্র। জাতীয় পরিচয়ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে হলে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ ও কঠোর নজরদারি অপরিহার্য।


