আন্তর্জাতিক ডেস্ক
চলতি নভেম্বর মাসের শুরু থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। ভূখণ্ডজুড়ে তরুণদের ওপর বোমাবর্ষণ তীব্রতর হওয়ার পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটও বাড়ছে।
বুধবার গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। গাজা উপত্যকায় শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের প্রতিফলন এই সহিংসতা।
নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।’
বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় দুই বোনের মৃত্যুর পর মন্ত্রণালয় এ বিবৃতি দেয়।
নিহত দুই বোন হলো ১৫ বছর বয়সী ইউসরা এবং ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-ওউফ।
ইউসরা কাফর কাসেম স্কুলের শিক্ষার্থী ছিল।
তার বোন জানা পড়ত আল-মানার বেসরকারি স্কুলে।
মন্ত্রণালয় আরও জানায়, ‘হামলায় মেয়ে দুটির বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ এবং মা নুরা এজত আবু আল-ওউফও নিহত হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।’ তাদের বাবা গাজার উত্তরাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।
চলতি বছরের শুরুতে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছিল, গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে।
গত ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসির বির ১৯ এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে পরে মারা যায় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ। সে মুসকাট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়ার।
মোহাম্মদের বাবা চিকিৎসক নিদাল মোহাম্মদ বারবাখ বলেন, ‘সেদিন দুপুরের খাবারের পর বেলা দেড়টার দিকে প্রশিক্ষণে অংশ নিতে মোহাম্মদ স্পোর্টস একাডেমিতে যায়। কাছের একটি পাহাড়ে ইসরায়েলি ট্যাংক এগিয়ে এসে অবস্থান নেয়। এরপর মাঠের দিকে দুটি গোলা ছোড়ে। এর একটি ধাতব বস্তুর সঙ্গে আঘাত লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে আঘাত করে এবং তার গলা দিয়ে বেরিয়ে যায়।’
‘সে প্রতিভাবান ছিল এবং পড়াশোনায়ও খুব ভালো ছিল। মাত্র ১৫ বছর বয়সে আল-মাওয়াসির একটি খেলার মাঠে তাকে হত্যা করা হয়েছে। অথচ ওই এলাকাকেই নিরাপদ মনে করে মানুষকে সেখানে যেতে বলা হয়েছিল। যা ঘটেছে, তার দায় আমি ইসরায়েলি সেনাবাহিনীর ওপর থেকেই সরাচ্ছি না। তারা আমাদের প্রতিটি স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে হত্যা করছে, বাস্তব হওয়ার আগেই আমাদের শিশুদের স্বপ্ন কবর দিচ্ছে।’
গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে তিনজন নিহত হয়। তাদের মধ্যে ছিলেন এক বাবা, তার ১২ বছর বয়সী ছেলে আহমেদ আবু দাহের এবং এক নারী।
আহমেদের মা ওয়ালা আবু দাহের জানান, তার ছেলে দাদার মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। তার দাদা সালেহ ছিলেন আরবি ভাষার শিক্ষক।
ওয়ালা বলেন, ‘সেদিন আমার স্বামী দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের আল-কাস্তাল এলাকায় একটি শোকসভায় যাচ্ছিলেন। আহমেদ বাবার কাছে তার সঙ্গে যাওয়ার অনুমতি চায়। তারা শোকসভায় থাকা অবস্থায় ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হন।’
‘আহমেদ সাহায্যের জন্য শোকসভায় উপস্থিত লোকজনের কাছে দৌড়ে যায়। এরপর দ্বিতীয় গোলাটি ছোড়া হলে সে বাবার দিকে ফিরে যায়। গোলার স্প্লিন্টার তার পা, পেট ও মাথায় আঘাত করে। তাদের হারানোর কষ্ট কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার মনে হয়, সেদিনই আমার জীবন থেমে গেছে।’
গাজায় ইসরায়েলের যুদ্ধে স্কুলে পড়ার বয়সী হাজার হাজার শিশু এবং শিক্ষা খাতের শত শত কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া নিয়মিত স্কুলে যেতে পারছে না কয়েক হাজার শিশু।
বৃহস্পতিবারও গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তার স্ত্রী রয়েছেন। ভূখণ্ডটিতে যুদ্ধবিরতি চললেও হামলা অব্যাহত রয়েছে।
কয়েক দিন আগে গাজার শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর ইসরায়েলি হামলা ‘ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের অংশ’।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবনে বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণ প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুল ভবনে সরাসরি হামলা চালানো হয়েছে।
গাজার তরুণ ফিলিস্তিনিরা চতুর্থবারের মতো শীতকাল পার করতে যাচ্ছে অতিরিক্ত ভিড়ের তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। মৌলিক সেবার সুযোগ সীমিত হয়ে পড়ায় মানবিক ও জনস্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে।
শিশু ও তরুণেরা মেনিনজাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে রয়েছে। সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোগটি নিয়ে মহামারি সতর্কতা জারি করেছে। অক্টোবরে নতুন করে ২৭০টির বেশি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত মানুষের ভিড় এবং পয়োনিষ্কাশনের বর্জ্যে পানীয় জল দূষিত হওয়ার কারণে সংক্রমণ বাড়ছে। শীতকালীন বন্যা ও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন বছরে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।
আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর ঘটনা সম্পর্কে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীটি বলেছে, আহমেদের মৃত্যুর দিন তারা এমন অভিযান চালিয়েছিল, যাতে ‘১০ সন্ত্রাসী’ নিহত হয়। হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে তারা।


