তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন: বাবর

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দ্রুত দেশে ফিরবেন’ বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তারেক রহমান কবে দেশে ফিরবেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য বলেন, ‘ইনশাআল্লাহ্, দ্রুত ফিরে আসবেন৷ আপনারা সবাই দোয়া করবেন৷’

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি৷ সাড়ে ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে৷ সেই টিমের মধ্যে আমিও একজন৷ আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব রয়েছেন৷ মাহবুব সাহেব আছেন৷ আরও একজনের থাকার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি৷

তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্য কিছু কিছু জিনিস আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি৷ আমাদের আসার উদ্দেশ্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করা৷ সেই সহায়তার অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি৷ তারাও একমত হয়েছেন৷ আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে৷ দ্যাটস ইট৷

আপনি উদ্বেগের কথা বলেছেন, সেটি কী—এমন প্রশ্নে লুৎফুজ্জামান বাবর বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে। সেটা আপনারা পত্রিকায় দেখেছেন৷ এস আলম গ্রুপের সঙ্গে৷ তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা৷ নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো৷ এটি একটি উদ্বেগের জায়গা৷ সে ব্যাপারে আমরা আলোচনা করেছি৷

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ
পরবর্তী নিবন্ধবাণিজ্য ঘাটতি কমলে মার্কিন শুল্ক আরও কমতে পারে: বাণিজ্য উপদেষ্টা