ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী ৩ মে। সম্মেলনে উঠবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮ প্রস্তাব। এবার থাকবে রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করা বিএনপির এটিই প্রথম ডিসি সম্মেলন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে এক হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি। এবারের সম্মেলন আগামী ৬ মে (বুধবার) শেষ হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান জাগো নিউজকে বলেন, ‘এ বছর ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থার বিষয়াদি ৩৪টি কার্য-অধিবেশনে আলোচনা হবে।’

এবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে মোট এক হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে জানিয়ে বলেন, ‘এর মধ্যে যাচাই-বাছাই করে ৪৯৮টি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এ প্রস্তাবগুলো নিয়েই সম্মেলনে আলোচনা করা হবে।’

প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপর দুপুর ১২টায় হবে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা। সমাপনী অধিবেশনও ওসমানী স্মৃতি মিলনায়তনেই হবে।

এছাড়া এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে জেলা প্রশাসকরা সাক্ষাৎ করবেন বলেও জানান যুগ্ম সচিব।

গত বছরই প্রথম ডিসি সম্মেলনে রাষ্ট্রপতিরর সঙ্গে সাক্ষাতের বিষয়টি রাখা হয়নি। স্পিকার না থাকায় স্পিকারের সঙ্গে সাক্ষাৎও হয়নি। এর আগের সব সম্মেলনেই রাষ্ট্রপতি-স্পিকারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ কর্মপরিকল্পনা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ শিশু হাসপাতালে পূবালী ব্যাংকের ২৮০তম উপশাখার উদ্বোধন