ট্রাম্পের নতুন ১০ শতাংশ শুল্ক কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন বৈশ্বিক শুল্ক প্রত্যাশার চেয়ে কম হারে কার্যকর হয়েছে। আগে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে তা কার্যকর করা হয়েছে।

শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আমদানি শুল্কের বড় অংশ স্থগিত করলে তিনি ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের কথা জানান। পরদিন শনিবার ট্রাম্প এই হার ১৫ শতাংশ হবে বলে উল্লেখ করেন।

তবে সরকারি নথি অনুযায়ী, মঙ্গলবার থেকে ১০ শতাংশ হারেই শুল্ক কার্যকর হয়েছে এবং হার বাড়ানোর কোনো নির্দেশ জারি করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

বিনিয়োগ ব্যাংক আইএনজি–এর বিশ্লেষক কার্স্টেন ব্রজেস্কি বলেন, দ্রুত পরিবর্তনশীল শুল্কনীতি ব্যবসায়িক ক্ষেত্রে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা বাড়াচ্ছে। তিনি বলেন, অনিশ্চয়তার দিক থেকে আমরা আবার গত বছরের অবস্থায় ফিরে গেছি। তার মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঝুঁকি এখন আরও বেড়েছে। তিনি সতর্ক করেন, পূর্ণাঙ্গ শুল্কযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধের আশঙ্কা গত বছরের তুলনায় স্পষ্টতই বেশি।

শুক্রবার ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়, অস্থায়ী ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থপ্রদানের মৌলিক সমস্যার সমাধান করা এবং মার্কিন শ্রমিক, কৃষক ও উৎপাদকদের স্বার্থে বাণিজ্য সম্পর্ক পুনর্বিন্যাস করা।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ ধারার আওতায় প্রশাসন এই শুল্ক আরোপ করছে, যা প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের ক্ষমতা দেয়।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক প্রয়োজন। তবে গত সপ্তাহে দেশটির বাণিজ্য ঘাটতি নতুন উচ্চতায় পৌঁছেছে—২০২৪ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধবইমেলা শুরু বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী