নিজস্ব প্রতিবেদক
হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
বুধবার (২০ মে) রাজধানীর ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি ঘটে না। বিশেষ করে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে এ রকম পরিস্থিতি সৃষ্টি হয়।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সাল থেকে টিকার ঘাটতি নিয়ে অন্তত ১০টি বৈঠকে সরকারকে সতর্ক করা হয়। পাশাপাশি ৫ থেকে ৬টি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছিল।
ইউনিসেফের এই প্রতিনিধি আরও জানান, জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী উপদেষ্টা ও কর্মীদের সঙ্গে অন্তত ১০ বার বসেছি। আমি এবং আমার কর্মীরা বলেছি-আমরা চিন্তিত। আমার মুখ দেখে বুঝুন, আমি চিন্তিত যে আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। এতে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাব পরিস্থিতি তৈরি হয়।
বর্তমানে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, ঝুঁকিপূর্ণ শিশুদের আওতায় আনা এবং আক্রান্ত এলাকায় বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার ও উন্নয়ন সহযোগীরা।


