ঝিনাইদহে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

জেলা প্রতিনিধি ভারতে অবস্থানরত পুরুষ, নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও পাঁচ শিশু।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি আরও জানান, অবৈধভাবে ভারতে বসবাসরত ১৫ জন মঙ্গলবার দুপুর ১টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল টিমের হাতে আটক হয়। পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবিকে আটক বাংলাদেশিদের ফেরত নিতে অনুরোধ করে যোগাযোগ চালায়। যাচাই-বাছাই শেষে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত নেয় বিজিবি। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটকদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধরংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন