জেলা প্রতিনিধি
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।
শনিবার (২০ জুন) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠেরপুল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয়দের দ্রুত সময়ের মধ্যে পাঁকা প্রশস্ত সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একমাত্র দল যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করে আসছে। জনগণের সমর্থনে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির ব্যাপারে গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকার মাত্র তিন মাস সময় পেয়েছে। এ তিন মাস সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড করেছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।
এর আগে, দুপুরের মুন্সিগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজী, নূর মোহাম্মদ ডিপজলের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি।
এরপর এদিন বিকেলে মুন্সিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলার অবকাঠামগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
মির্জা ফখরুলের দিনব্যাপী নানা কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন- মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন প্রমুখ।


