চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা নিয়ে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে শ্রমিকদের পক্ষে বেশকিছু দাবি তুলে ধরা হয়। এসময় তারা বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি, ১৬ কর্মচারীর বদলিসহ শাস্তি প্রত্যাহার, বন্দরের স্বার্থ-বিরোধী কোনো চুক্তি না করা এবং ডিপি ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনা যাবে না দাবি জানান তারা।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এখানে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সরকারের। সরকার বিষয়টি দেখছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আলাপ করে বিষয়টি শ্রমিকদের জানানো হবে।

তবে এসময় উপদেষ্টা এ-ও হুঁশিয়ারি দেন যে, আগামীকাল শুক্রবার থেকে যে কোনো কর্মসূচি সরকার কঠোরভাবে দমন করবে।

শ্রমিকরা উপদেষ্টার কথার পরিপেক্ষিতে দুদিন কর্মসূচি স্থগিত করেন। এর মধ্যে সরকারের সিদ্ধান্তের পরিবর্তন না হলে, কর্মচারীদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার না হলে রোববার থেকে আবার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধভোটে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকরা চাপ দেননি: পররাষ্ট্র উপদেষ্টা