গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:


গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন যুবক। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বেদেপল্লী এলাকার সামনে দুর্ঘটনাটি ঘটে

গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ একটি মোটরসাইকেলে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন ফয়সাল বেপারী। চামটা বেদেপল্লী এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে দুটি মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড মুখোমুখি সংঘর্ষ হয়।


ঘটনাস্থলেই প্রাণ হারান অচিন্ত্য কুন্ডু। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারীকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফয়সাল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই মারাযায় উজ্জ্বল বাড়ৈ।

খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে। আইনি প্রক্রিয়া শেষে তিনটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ
পরবর্তী নিবন্ধ১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস