নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘সিসিইউতে পূর্বের মতোই চিকিৎসাধীন আছেন’ জানিয়ে তার চিকিৎসা নিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—এতে কেউ যেন কান না দেয়।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।
একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়মনো বাক্যে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারও কথায় কেউ বিভ্রান্ত হবেন না।
বিশেষজ্ঞ চিকিসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে, এটাই আপডেট। আপনারা সবাই দোয়া করুন যেন, আল্লাহ তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথা সময়ে অবহিত করা হবে।


