ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ওমানের উপকূলের কাছে দুর্ঘটনার শিকার একটি তেলবাহী জাহাজ থেকে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ তেল দেশটির মূল ভূখণ্ডে পৌঁছেছে। এতে মধ্যাঞ্চলের বেশ কয়েকটি সৈকত দূষিত হয়েছে বলে জানিয়েছে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ।পরিবেশ কর্তৃপক্ষ বুধবার জানায়, গত জুনে ওমানের উপকূলের কাছে ‘ক্যারোলিন বেজেঙ্গি’ নামের ট্যাংকারটি থেকে বের হওয়া তেল রাস মাদরাকাহ এলাকার সৈকতে পৌঁছেছে। এতে প্রায় ৪০ কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ওমানের উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মাসিরাহ দ্বীপের দক্ষিণ উপকূলেও তেল পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ওই এলাকার ১০ থেকে ২০ কিলোমিটার উপকূল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।এক বিবৃতিতে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানায়, দূষণ পর্যবেক্ষণ, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্ষয়ক্ষতি কমাতে বিশেষজ্ঞ দলগুলো কাজ করছে। পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
পরবর্তী নিবন্ধমার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান