ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। স্থানীয় সময় শনিবার (৮ নভেম্বর) তিনি দেশটিতে পৌঁছান। এই সফরের মাত্র একদিন আগে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয়।

গত বছর বিদ্রোহী বাহিনী দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি আগামী সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরিয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে সরকারি সফর এটি।

শারা এর আগে গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই মাসের শুরুর দিকে বলেছিলেন, শারা সম্ভবত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

তাছাড়া যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে মানবিক সহায়তা সমন্বয় করা এবং সিরিয়া-ইসরায়েল সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
গত শুক্রবার শারাকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ছিল প্রত্যাশিত।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, শারা সরকার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শর্ত পূরণ করেছে — এর মধ্যে রয়েছে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহযোগিতা করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসের অঙ্গীকার।

পূর্ববর্তী নিবন্ধআমি নেতা হতে চাই না, মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই: সেলিমুজ্জামান
পরবর্তী নিবন্ধপাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা বিরোধী জোটের