নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখার নীতিতে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের ফরেন পলিসি (পররাষ্ট্রনীতি) একটা দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এখন ফরেন পলিসি ইন্ডিপেনডেন্ট। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখছি। সেটা ভারত হোক, চীন হোক, ইউএস হোক সবার সঙ্গে আমরা একটা সুসম্পর্ক রাখছি। আমি চাই আমার সঙ্গে সম্পর্ক হোক মর্যাদার ও ন্যায্যতার এবং সেই জায়গায় আমরা গিয়েছি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এসময় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাঁধা হবে না। বাংলাদেশের জনগণের যদি অংশগ্রহণ থাকে, কোনো কিছুই বাঁধা না। আগে তো জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তখন মানুষই প্রটেক্টিভলি কাজ করে।
তিনি বলেন, ভালো নির্বাচনে একটা উৎসবের আমেজ হয়। কারণ আপনি যান, আমিও যাই। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, উনি ওনার বৃদ্ধা মা-বাবাকে নিয়ে যাচ্ছেন। সবার অংশগ্রহণ থাকলে নির্বাচন সুন্দর হবে। আমরা আশাকরি এ নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে, ভালো নির্বাচন হবে।
তিনি আরও বলেন, প্রতি নির্বাচনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স (সহিংসতা) হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্স জিরোতে নামিয়ে আনা। সেটার জন্য আমরা কয়েক দফা মিটিং করেছি। আমরা গত মিটিয়ে বলেছি- দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। সেনাবাহিনীর কথা বলেছি। আশা করা যায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে।
আর এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, প্রশাসনকে নিরপেক্ষ করা কষ্টসাধ্য কাজ ছিল। গত ১২ মাসে বর্তমান সরকার এখানে অনেক শ্রম দিয়েছে। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন এখন অনেকেই নিরপেক্ষ। আমরা আশাকরি আওয়ামী লীগের অপশাসন থেকে আমাদের সমাজের সবাই এখান থেকে শিক্ষা নেবেন। সাংবাদিকদের জন্যও একটা বড় শিক্ষা।
তিনি বলেন, আমি আসলে একটা পার্টির সঙ্গে নিজেকে কতখানি জড়িয়ে ফেলবো। আপনি একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারেন। কিন্তু ওটা করতে গিয়ে যদি আপনি হত্যাযজ্ঞকে বৈধতা দেন, নির্বাচনহীনকে বৈধতা দেন, তখন তো আর আপনার নিরপেক্ষতা থাকে না।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকটা সেক্টরে দোসর ছিল। হাসিনার মতো একটা মনস্টার তৈরি হয়েছে এদের দ্বারা। আপা আপা বলতে বলতো তো ফেনা ফেলতো। ভবিষ্যতে আবার রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, আমি আমাকে কতটুকু সংযত করবো, সেটার শিক্ষা নিতে হবে। একটা দলকে আপনি সাপোর্ট করতেই পারেই, তাই বলে তার হত্যাযজ্ঞকে, ব্যাংক লুটকে বৈধতা দেবেন, এ কাজগুলো সে সময় হয়েছে। এটা থেকে যদি আমরা সবাই শিক্ষা নেই, তাহলে আমাদের দেশে আর একটা মনস্টার তৈরি হবে না।
চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, গত কয়েক সপ্তাহে কিন্তু হাই প্রোফাইলের চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। চাঁদাবাজির বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। সরকার যথেষ্ট কাজ করেছেন, পুলিশ প্রশাসনকে বলে দেয়া হয়েছে। কোথাও কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে আপনাদের কাছে প্রমাণ থাকলে দেবেন আমরা সে অনুযায়ী কাজ করবো।
জনশক্তি রপ্তানির ও ভিসা জটিলতার ক্ষেত্রে এই সরকার কোনো পদক্ষেপ নিবে কিনা? এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কত লোক প্রতিমাসে বিদেশ যাচ্ছে সেই ডেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে। আমরা সে তথ্য লুকাচ্ছি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতি মাসে ডেটা দেয়, সেখানে কোনো মাসে বাড়ে, কোনো মাসে কমে, সেটা আপনারা দেখেছেন।


