ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তাকবির দিয়ে ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কর্মী ছাঁটাই, দলীয় বিবেচনায় নতুন নিয়োগ, নিয়মবহির্ভূত পদোন্নতি ও ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ইসলামের নামেই হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করা হবে।

তদন্তে যার নামই আসুক, কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলাম নাকি ব্যাংকের মালিক না। আবার তারা বলছে ইসলামের ওপর হাত দেবেন না। কয়দিন আগে জামায়াতে ইসলামের এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, সে এ কথা বলেছে। আমি তার নাম নিলে আবার এখানে (সংসদ) তিনি দাঁড়াতে পারেন। এছাড়া জামায়াতের দুজন এমপিও ছিলেন, তাদের সঙ্গেও কথা হয়েছে। এদের একজন পরাজিত এমপি, আরেকজন জামায়াত নেতা ছিলেন।’

তিনি বলেন, ‘তারা বলে দিচ্ছেন ইসলামের ওপর হাত দেবেন না। মাননীয় স্পিকার- ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়; জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতেই ইসলামের ওপর হাত দেবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘মাননীয় স্পিকার আমি এবার পয়েন্ট টু পয়েন্টে আসি। এখন একবার যেই ব্যাংক আজান দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে- এ যাতনা তো আমরা বুঝি। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে। ভিডিওটা দেখেন তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে গ্রাহক আছে। গ্রাহককে বলা হচ্ছে বলেন আপনার অ্যাকাউন্ট আছে।’

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি ও সারে সাড়ে ৪২ হাজার কোটি টাকার বাড়তি ভর্তুকি প্রয়োজন
পরবর্তী নিবন্ধ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ