আন্তর্জাতিক ডেস্ক
ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র; এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সাগরে থাকা ইরানি তেলের প্রবাহে কিছুটা ছাড় দেওয়া হতে পারে বলে তিনি জানিয়েছেন।
ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের চাপ কমানো সম্ভব হবে।
এর আগে সপ্তাহের শুরুতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নজরদারির মধ্যেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করা শুরু করেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহে স্বস্তি ফিরছে বলেও জানান তিনি।
এদিকে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পক্ষে আপাতত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, পরিস্থিতি আরও জটিল না করতে আপাতত সংযত অবস্থান নিয়েছে ওয়াশিংটন।
এই অবস্থানের প্রেক্ষাপট তৈরি হয় বুধবার, যখন ইসরায়েল ইরানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র সাউথ পার্সে হামলা চালায়। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সম্ভাব্য বাধা দেওয়ার প্রচেষ্টার জবাবে তেহরানকে বার্তা দিতেই ওই হামলার প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।
তবে ওই বার্তা ইতোমধ্যে পৌঁছে গেছে; এমন মূল্যায়নের ভিত্তিতে আপাতত নতুন কোনো হামলার পথে হাঁটতে চাইছে না যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, বর্তমান অবস্থান পুরোপুরি পরিস্থিতিনির্ভর।
তারা বলছেন, ভবিষ্যতে যদি ইরান আবারও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যেতে পারে। সেক্ষেত্রে ইরানের জ্বালানি স্থাপনাগুলো আবারও লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


