নিউজ ডেস্ক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যানে আগুন দেন। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে নিউএজ গ্রুপের একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা কারখানা থেকে বেরিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা।
এতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা হা-মীম গ্রুপের কারখানার সামনে বিক্ষোভ করতে গেলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

